গাজীপুরে আগুনে পুড়ল তিন দোকান
গাজীপুর সিটি করপোরেশনের জয়বাংলা রোডে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে আগুন লেগে তিনটি মনোহারি দোকান পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, বুধবার ভোরে ওই এলাকার বাহার মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, আগুনে আব্দুল মোতালেবের তিনটি মনোহারি দোকান মালপত্রসহ পুড়ে গেছে।
“বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর রহমান।
