রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলব: স্বরাষ্ট্রমন্ত্রী
আসন্ন মিয়ানমার সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য দেশটির সরকারকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সকালে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
আগামী ২৩ অক্টোবর মিয়ানমার যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।
মন্ত্রী বলেন, “এখনকার প্রেক্ষাপট সর্ম্পূণ পাল্টে গেছে। কিছুদিন আগে আমাদের দেশে মিয়ানমারের যে ইউনিয়ন মন্ত্রী এসেছিলেন তাকে বলেছিলাম রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কার্যকর ব্যবস্থা নেন।
“তিনি তখনও বলেছিলেন রোহিঙ্গারা যদি প্রমাণ করতে পারে তারা মিয়ানমারের লোক তাহলে অবশ্যই ফিরিয়ে নেওয়া হবে। সেই সমস্ত সূত্র ধরেই আমরা তাদের বারবার অনুরোধ করব তারা যেন তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যান।”
সেইসঙ্গে ওই অঞ্চলে একটা শান্তির উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাবেন জানিয়ে তিনি বলেন, তাহলেই ওই দেশের নাগরিকরা আর বাংলাদেশে চলে আসবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা যাতে সে দেশে নিরাপদে বসবাস করতে পারে সে জন্য তাদের সঙ্গে আলোচনা করবেন।
রোহিঙ্গাদের নাগরিকত্ব নিয়ে মিয়ানমারের সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি ইতিহাসকে অস্বীকার করে, সেটি হবে সত্যের অপলাপ। ঐতিহাসিকভাবেই রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক।
বুধবার ইয়াঙ্গুনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্কট মারসিয়েলের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং। সেখানে রাখাইন পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে সঠিক তথ্য আসছে না দাবি করে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাঙালি বলে উল্লেখ করেন তিনি।
৩৪তম বিসিএসের (আনসার) ক্যাডারদের মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকউরিটি কোর্সের সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী। প্রশিক্ষণে ১৯ কর্মকর্তা অংশ নেন। বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার জন্য তিনজনকে পুরস্কার দেওয়া হয়।
এ সময় আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল আলম, উপ- মহাপরিচালক (অপারেশন) দীলিপ কুমার বিশ্বাস ও ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (একাডেমি) সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
