২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে হাতবোমাসহ সাভারে জামায়াত কর্মী আটক

জামায়াত ইসলামীর ডাকা হরতালে ঢাকার সাভার উপজেলায় একটি গোপন বৈঠক থেকে হাত বোমাসহ দলটির এক কর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2017, 05:38 PM

Updated : 19 Aug 2022, 05:44 PM

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন জানান, বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার আইয়ুব প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুল বারেক (৩৫) আশুলিয়ার কাঠাতলা এলাকার হাশেম মৃধার ছেলে।

এসআই মশিউর বলেন, জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে বারেককে আটক করে পুলিশ।

“এ সময় তার কাছ থেকে লাল স্কচটেপে মোড়ানো দুটি হাতবোমা উদ্ধার করা হয়।”

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বারেকের সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় বারেকসহ অজ্ঞাত পরিচয় আরও ২০/২৫ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।