২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ‘নির্যাতনে’ মৃত্যু: ৪ পুলিশের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটের কালাই উপজেলায় নির্যাতনে মৃত্যুর অভিযোগ তুলে দুই এসআইসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2017, 06:18 PM

Updated : 19 Aug 2022, 05:44 PM

জয়পুরহাট জজ আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মান্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত সাইদুর রহমানের বাবা কাজেম উদ্দিন বাদী হয়ে বুধবার জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে কালাই থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছে বলেও জানান পিপি নৃপেন্দ্রনাথ মান্ডল।

আসামিরা হলেন এসআই আসাদুজ্জামান, এসআই রফিকুল ইসলাম রফিক, কনস্টেবল রাশেদুল ইসলাম ও কনস্টেবল সেলিম রেজা।

মামলার নথি থেকে জানা যায়, গত সোমবার ভোর রাতে কালাইয়ের হারুঞ্জা গ্রামে শাপলা হোসেন নামের এক আসামিকে পুলিশ ধরতে গেলে তাকে না পেয়ে ওই আসামির স্বজনদের মারধর শুরু করে। এ সময় পুলিশের মারধরে  আসামির চাচা সাইদুর রহমান নিহত হন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, এ ঘটনায় এসআই আসাদুজ্জামান, রফিকুল ইসলাম রফিক, কনস্টেবল রাশেদুল ইসলাম ও সেলিম রেজাকে ঘটনায় জড়িত অভিযোগে সমায়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  

এ ছাড়া ঘটনা তদন্তে তার নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (সদরদপ্তর) একরামুল হক ও গোয়েন্দা পুলিশ পরিদর্শক মুনিরুল ইসলাম। আগামী ৭ কর্মদিবসের মধ্যে পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলেও তিনি জানান।

মামলার বাদী ও নিহতের বাবা কাজেম উদ্দিন বলেন, এ ঘটনার পরদিন কালাই থানায় মামলা দায়ের করতে গেলে মামলাটি গ্রহণ করতে পুলিশ অস্বীকৃতি জানায়। তাই আদালতে মামলটি দায়ের করেন তিনি।

পুরনো খবর:

কালাইয়ে হত্যার অভিযোগে ৪ পুলিশ বরখাস্ত
জয়পুরহাটে ‘পুলিশের পিটুনিতে মৃত্যু’, তদন্ত কমিটি গঠন