২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধকারে মাওনা ফ্লাইওভার

গাজীপুরের মাওনা ফ্লাইওভারে আলো না থাকায় মাদকাসক্তদের আড্ডাসহ সড়ক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2017, 10:23 AM

Updated : 19 Aug 2022, 05:44 PM

ওই এলাকার বাসিন্দা শিহাব খান বলেন, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ফ্লাইওভারটিতে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এখানে বসে মাদকসেবীদের আড্ডা।

স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদও একই অভিযোগ করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্লাইওভারটি নির্মাণের পর বাতিগুলো একসঙ্গে জ্বললে রাতের বেলা আশপাশ জ্বলজ্বল করত।

“বাতিগুলো বন্ধ হয়ে যাওয়ায় এখন ফ্লাইওভারে রাতে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।”

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন ফ্লাইওভারটির অর্ধেক বাতি জ্বলে না বলে জানিয়েছেন।

তিনি বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা আইন-শৃঙ্খলা সভায় একাধিকবার জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলছেন, বিষয়টি আগে কেউ তাকে জানায়নি।

জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিন রেজাও জানেন না বলে দাবি করেন।

তিনি বলেন, “বিষয়টি আমার নলেজে নেই। খোঁজ নিয়ে দেখছি। লাইট না থাকলে জ্বালানোর ব্যবস্থা করব।”

বাতিগুলো কবে থেকে বন্ধ রয়েছে সে বিষয়ে এই কর্মকর্তারা কিছু বলতে পারেননি।

পুরনো খবর:

মাওনা ফ্লাইওভারে লাশ