কক্সবাজারে বাস-অটো সংঘর্ষে নিহত ২
কক্সবাজার সদরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশার চালক ও আরোহীর প্রাণ গেছে; আহত হয়েছে আরও একজন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. রুহুল আমিন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন-কক্সবাজার সদর উপজেলার রশিদনগর এলাকার উলামিয়ার ছেলে আব্দুর রশিদ (২২) ও ইসলামাবাদ ইউনিয়নের পিআর পাড়ার আমির হোসেনের ছেলে নুরুল হক (৫৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই রুহুল বলেন, সৌদিয়া পরিবহনের একটি বাস কক্সবাজার শহর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।পথে বিপরীত দিক থেকে আসা একটি আটোর সঙ্গে সংঘর্ষ হয়।
“এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়।”
তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে।পরে চকরিয়া বাস স্টেশন থেকে বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
