পাদ্রি অপহরণ: ছাত্রলীগ নেতা সৌরভের ৩ দিনের রিমান্ড
পাদ্রি শিশির নাতালে গ্যাগারিওকে অপহরণ মামলায় গাজীপুরের টঙ্গী কলেজ ছাত্রলীগ নেতা শামস কবির সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
গাজীপুর আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হাই রিমান্ড আবেদন শুনানি শেষে সৌরভের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের ফাদার শিশির গ্যাগারিওকে গত সোমবার টঙ্গীতে ফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরে তিনি কৌশলে পালিয়ে যান।
টঙ্গী থানার পরিদর্শক মো. হাসানুজ্জামান জানান, এ ঘটনায় দায়ে মামলায় সোমবার রাতেই টঙ্গীর পাগার এলাকা থেকে সৌরভকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।
রোববার ওই আবেদনের শুনানির দিন ছিল।
সৌরভ টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাদ্রি অপহরণে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর বুধবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
