২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে সড়কের কাজে দুর্নীতির অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সড়কের কাজে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 05:41 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

সাদুল্লাপুরের জামলারজান-ঠুটিয়াপুকুর সড়কের পাকুরিয়ার বিল থেকে কুঞ্জমহিপুর পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বসুন্ধরা অ্যান্ড মনি এন্টারপ্রাইজ’।

পরে তাদের কাছ থেকে কাজটি কিনে নিয়ে বাস্তবায়ন করছেন স্থানীয় খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজলার রহমান নজেল।

সাদুল্লাপুর উপজেলা সদরের সঙ্গে উপজেলার ভাতগ্রাম, খোর্দ্দকোমরপুর ও ইদিলপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার স্থল যোগাযোগের একমাত্র উপায় এই জামলারজান-ঠুঠিয়াপুকুর সড়ক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাদুল্লাপুর কার্যালয় জানায়, উপজেলা সূত্রে জানায়, জামলারজান-ঠুঠিয়াপুকুর সড়কের পাকুরিয়ার দিঘী থেকে জামলারজান ও ঠুটিয়াপুকুর থেকে কুঞ্জমহিপুর পর্যন্ত ইতিমধ্যে পাকা করা হয়েছে।

সড়কের বাকি প্রায় ছয় কিলোমিটার পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গত অর্থ বছরে দরপত্র আহবান করে।

গত বছরের অক্টোবরে ওই সড়ক পাকাকরণ কাজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বসুন্ধরা অ্যান্ড মনি এন্টারপ্রাইজ’। পরে তারা কাজটি বিক্রি করে দেয় স্থানীয় খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজলার রহমান নজেলের কাছে।

এখন নজল কাজটি বাস্তবায়ন করছেন। 

সড়কের দুই ধারের বাসিন্দা তারা মিয়া, মজিবর রহমান ও আতোয়ার মিয়াসহ অনেকের অভিযোগ, এক বছর ধরে থেমে থেমে চলছে সড়ক পাকাকরণের কাজ। শুরুতে সড়কটির কাদা মাটি পরিষ্কার না করেই ভিত তৈরিতে বালুর পরিবর্তে মাটি ও নিম্নমানের ইটের খোয়া ও সুরকি ব্যবহার করা হয়েছে।

বর্তমানে একেবারে নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। এ খোয়ার উপর বিটুমিন দেওয়া হলে সড়কটি টিকবে না বলে তাদের ভাষ্য।  

ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাব্বী আবদুল্লাহ রিয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিম্নমাণের কাজ হওয়ায় কিছুদিন আগে এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে কাজ বন্ধ রাখা হয়। এ সময় স্থানীয়দের ভালো কাজের আশ্বাস দিয়ে আবার কাজ শুরু করে ঠিকাদার।

“কিন্তু পাকাকরণ কাজে প্রতিনিয়ত নিম্নমানের ইটের খোয়া ও সুরকি দিয়ে কাজ করা হচ্ছে।”

সরেজমিনেও অভিযোগের সত্যতা মিলেছে।

নিয়মমাফিক কাজ না করা ও নিম্নমাণের ইট ব্যবহারের বিষয়টি স্বীকার করেন কাজের দায়িত্বে থাকা তদারককারী সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) ওয়ার্ক অ্যাসিসটেন্ট শাহজাহান মিয়া।

তবে অভিযোগের বিষয় বর্তমান ঠিকাদার নজলার রহমান নজেল নিম্নমানের ইটের খোয়া দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, বর্তমানে ইটের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া আশপাশে ইট কিনতেও পাওয়া যাচ্ছে না। তারপরও বেশি দামে ইট কিনে নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে।

“তাতে হয়ত সামান্য এদিকওদিক হতে পারে।”

সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাজহারুল ইসলাম জানান, প্রায় ৬ কিলোমিটারের সড়টি পাকা করণে মোট ব্যায় ধরা হয়েছে ৪ কোটি ২৮ লাখ টাকা। এক বছর ধরে চলা সড়কটির পাকাকরণের কাজ আগামী ২৪ অক্টোবর শেষ হওয়ার কথা।

“অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”