২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পুলিশ পরিচয়ে সাড়ে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজশাহী নগরীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি পাটকলের সাড়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 05:04 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর ইটখোলা এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশির নামে রহমান জুট মিল লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ওই টাকা ছিনিয়ে নেয় বলে মতিহার থানার ওসি মেহেদি হাসান জানিয়েছেন।

তিনি জানান, কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য পাটকলের পলাশ নামে এক কর্মকর্তাসহ তিনজন অগ্রণী ব্যাংকের হরিয়ান শাখা থেকে টাকা তুলে মাইক্রোবাসে করে মাহেন্দ্রা এলাকায় মিলে যাচ্ছিলেন।

“এ সময় চারটি মোটরসাইকেলে করে আট যুবক এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির গতি রোধ করে।পরে তল্লাশির নামে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে বলে জানান ওসি মেহেদি।

জুট মিলের মাহেন্দ্রা কারখানার ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার কথা ছিল। প্রশাসনিক শাখার কর্মকর্তারা প্রতিমাসে বেতন মিলে পৌঁছে দেন।

“বৃহস্পতিবার দুপুরে বেতনের টাকা নিয়ে আসার সময় তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।”