সাংবাদিক উজ্জ্বলের উপর হামলা: প্রধান আসামি কারাগারে
মুন্সীগঞ্জে সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের উপর হামলার প্রধান আসামিকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার মুন্সীগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামি মো. সজল।
বিচারক আয়শা আক্তার সুমি আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালত পরিদর্শক মো. হারুন অর রশীদ।
এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো বলে তিনি জানান।
হাসপাতালে চিকিৎসাধীন আহত উজ্জ্বল
এ হামলায় সদর উপজেলার মোল্লাকন্দি ইউনিয়নের মাকহাটী গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে শহরের ‘চিহ্নিত সন্ত্রাসী’ সজল নেতৃত্ব দেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় উজ্জ্বল বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
পরিদর্শক হারুন অর রশীদ জানান, এর আগে পুলিশ মামলার আসামি রোখসানা বেগমসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া বাচ্চু সাহা উজ্জ্বল নামের অপর আসামি আদালত থেকে জামিনে নিয়েছেন।
