বরগুনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
বরগুনায় দুই ভাই হত্যা মামলায় তাদের চার চাচাতো ভাইসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বরগুনার জেলা ও দায়রা জজ মো. হাসানুজ্জামান মঙ্গলবার নয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- আমতলী উপজেলার চিলা গ্রামের আনোয়ার হোসেনের চার ছেলে স্বপন, নয়া, কবির, কামাল ও চাঁন মিয়া। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন ছাড়াও আসামিদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ২০০৮ সালের ২০ নভেম্বর ধান কাটা নিয়ে চিলা গ্রামের মোস্তফা সরদারের দুই ছেলে সোহেল ও রুবেলের সঙ্গে তাদের চার চাচাতো ভাই স্বপন, নয়া, কবির, কামালসহ কয়েকজনের সংঘর্ষ হয়।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদার জানান, সংঘর্ষের সময় রুবেল ও সোহেলকে তাদের চার চাচাচো ভাইসহ ছয়জন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতদের মা শাহিদা বেগম বাদী হয়ে আমতলী থানায় ওই ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ওই বছর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলা চলাকালে এক আসামির মৃত্যু হয় বলে ভুবন জানান।
