শরীয়তপুরে বাস মালিক-শ্রমিক সংঘর্ষে আহত ৩০
শরীয়তপুরে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মধ্যে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পালং মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর জানান, শরীয়তপুর সদর উপজেলার বাসস্ট্যান্ডে সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আহত ওসি (তদন্ত) হুমায়ুন কবীর, জাকির মাদবর, লিটন ছৈয়াল, নিজাম বেপারী, নাছির বেপারী, জাকির কাজি, রাজুসহ বাকিদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মা-বাবার দোয়া এন্টারপ্রাইজের (বাসের) সুপারভাইজার লিটন মাদবর বলেন, সোমবার দুপুরে শরীয়তপুর থেকে মাওয়াগামী একটি বাসের সিরিয়াল করা নিয়ে জেলা বাস মালিক সমিতির নাছির বেপারী ও বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন তালুকদারের মধ্যে কথা কাটাকাটি হয়।
তিনি বলেন, বিয়টি সমঝোতার জন্য পালং মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার ও সাধারণ সম্পাদক আলী আজম মাদবরসহ মালিক পক্ষের লোকজনদের নিয়ে মালিক সমিতির অফিসে বৈঠকে বসেন।
“এ সময় মালিক পক্ষের কিছু লোকজন ওই বৈঠকে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও রামদা, টেটা ও হকিস্টিক নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়।”
এক ঘণ্টার এ সংঘর্ষে পালং মডেল থানার ওসি হুমায়ুন কবীরসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান লিটন।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু বেপারী বলেন, বাসের সিরিয়াল দেয়ার কথা মালিক সমিতির। কিন্তু শ্রমিক ইউনিয়নের লোকজন সিরিয়াল দিতে চাইলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শ্রমিকরা মালিক সমিতির কার্যালয়ে হামলা করে।
“তারা মালিক সমিতির অফিসের চেয়ার-টেবিল ভাংচুর সহ ৪/৫টি বাস ভাংচুর করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা তাদের উপরও হামলা করে।”
ওই ঘটনার পর শ্রমিকেরা ঢাকা-শরীয়তপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বাস-শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের মোবাইলে ফোন করে তাকে পাওয়া যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন ওসি হুমায়ুন কবীর বলেন, বাস মালিক ও শ্রমিকদের মধ্যে বাসের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে গণ্ডোগোল শুরু হলে পুলিশ গিয়ে শ্রমিকের দপ্তরে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করে।
“কিন্তু এ সময় মালিক পক্ষের লোকেরা সেখানে হামলা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমার মাথায় ইটের আঘাত লাগে।”
তিনি বরেণ, থানায় খবর দেওযা হলে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ঘটনাস্থল থেকে বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজম মাদবর, মাহমুদুল্লাহ, শাহ আলম, মতলব হাওলাদার ও আতিক চৌকিদারকে আটক করা হয়।
ঘটনাস্থলে পুলিশ বাড়তি পুলিশ নিয়ন্ত্রণ করা হয়েছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
