মধ্যরাতে রাবির হলে হাতবোমা বিস্ফোরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার গভীররাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে হল প্রাধ্যক্ষ মো. গোলাম সাদিক জানান।
তিনি বলেন, রাত ২টার দিকে শব্দ পাওয়ার পর হলের গার্ড ও পুলিশের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে জানা গেছে বিস্ফোরণ হলের বাইরে ঘটেছে, ভেতরে নয়।
হলের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, “বিষয়টি শুনে হল প্রাধ্যক্ষকে ফোন দিয়েছি। তিনি জানিয়েছেন হলের বাইরে বিস্ফোরণ ঘটেছে ।”
তবে কে বা কারা এটা ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।
এর আগে গত ২০ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে একটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
