শ্রীপুরে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, উপজেলার নয়নপুর এলাকায় রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স ৬০ থেকে ৬৫ বছর হতে পারে। তার পরনে নীল গেঞ্জি ও সাদা পায়জামা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি দেলোয়ার বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে তিনি মারা যান।
প্রাইভেট কারটি জব্দ ও চালকে আটক করা হয়েছে জানিয়ে ওসি দেলোয়ার বলেন, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
