গাজীপুরে ওয়াশিং কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের নাওজোর এলাকায় একটি ওয়াশিং কারখানায় আগুন লেগে বিভিন্ন ধরনের পোশাক পুড়ে গেছে।
রোববার দুপুরে ওই এলাকার জেনেসিস ওয়াশিং লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন।
তবে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছে কি না তিনি জানাতে পারেননি।
কারখানার সহকারী ব্যবস্থাপক মো. হুমায়ূন কবির বলেন, বেলা ২টার দিকে একতলা টিনশেড কারখানায় আগুন লাগে। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আগুনে কারখানায় ওয়াশিংয়ের অপেক্ষায় থাকা বিভিন্ন ধরনের পোশাক পুড়ে গেছে বলে জানান তিনি।
