গাজীপুরে শীতলক্ষ্যায় ডুবে শিশুর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, নান্দিয়া সাঙ্গুন এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত নির্জলা (১০) নরসিংদী জেলার শিবপুর থানার পারাতলা গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মনের মেয়ে।
এসআই লুৎফুর বলেন, গত মঙ্গলবার নরসিংদী থেকে নান্দিয়া সাঙ্গুন এলাকায় তার খালার বাড়ি বেড়াতে আসে নির্জলা।
“শনিবার দুপুরে তিন খালাতো বোনের সঙ্গে নির্জলা পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে।এক পর্যায়ে সে তলিয়ে যায়।”
এ সময় নির্জলার বোনদের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে খোঁজাখঁজি শুরু করে। সন্ধ্যায় নদীতে জাল দিয়ে ফেলে তারা নির্জলার লাশ উদ্ধার করেন বলে জানান এসআই।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
