অর্থ তুলতে রোহিঙ্গা নির্যাতনের ভিডিও প্রদর্শন, দেখে শিশুরা অসুস্থ
রোহিঙ্গাদের সাহায্যের জন্য অর্থ তোলা হচ্ছে রাজশাহীর দুর্গাপুরের বিভিন্ন মাদ্রাসায়; এই কাজের সুবিধায় এই জনগোষ্ঠীর প্রতি সহানুভূতি জাগাতে মিয়ানমারে তাদের উপর নির্যাতনের ভিডিও দেখানো হয়; আর তাতে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকটি শিশু।
কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, মোবাইল ফোনে তাদের সন্তানদের রোহিঙ্গা শিশুদের জবাই করার দৃশ্য দেখানো হয়। তা দেখে তাদের সন্তানরা এমন ভয় পেয়েছে যে রাতে ঘুমের মধ্যে আঁতকে উঠছে।
বৌদ্ধপ্রধান দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন-পীড়নের শিকার হয়ে প্রায় ৫ লাখ মুসলিম রোহিঙ্গা গত এক মাসে বাংলাদেশে ঢুকেছে। কক্সবাজারে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গাদের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে প্রায় সারাদেশেই ত্রাণ সংগ্রহ চলছে।
রাজশাহীর দুর্গাপুরেও মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ চলছে রোহিঙ্গাদের জন্য। জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতির নির্দেশে শিক্ষার্থীদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ চলছে বলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা জানান।
এই অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জাগাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিও শ্রীধরপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের দেখানো হয় সোমবার সকালে; যেসব ভিডিওর অনেকগুলোর সত্যতা নিয়েই প্রশ্ন রয়েছে। ওই ভিডিও দেখানোর পর শিক্ষার্থীদের কাছে অর্থ চাওয়া হয়।
কুপিয়ে হত্যা, জবাই, পুড়িয়ে হত্যার ওই সব ভিডিও দেখে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কয়েক শিক্ষার্থী শ্রেণিকক্ষেই আতঙ্কে চিৎকার করে উঠেছিলেন বলে অভিভাবকরা জানান। তারা বলছেন, বাসায় ফেরার পরও আতঙ্কের ঘোর কাটছে না অনেকের।
এক শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদ্রাসার শিক্ষক আবুল কালাম মোবাইল ফোনে জবাই করার দৃশ্য দেখিয়েছিলেন। আমার ছেলে তা দেখে এখন ঘুমাতে পারছে না। ঘুমের মধ্যে আঁতকে আঁতকে উঠছে।”
একই কথা বলেন দ্বিতীয় শ্রেণির আরেক শিক্ষার্থীর বাবা লালুসহ অন্য কয়েকজন অভিভাবক। মানসিক চাপে পড়া এই শিশুদের স্থানীয় মসজিদের ইমামের কাছে নিয়ে ঝাড় ফুঁক দেওয়ার কথাও বলেন তারা, যদিও চিকিৎসা বিজ্ঞানে এটি কোনো সমাধান নয়।
রোহিঙ্গা নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছে ইসলামী দলগুলো; মাদ্রাসাগুলোতেও চলছে রোহিঙ্গাদের সহায়তায় অর্থ সংগ্রহ
বিষয়টি নিয়ে জানতে চাইলে শ্রীধরপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল হান্নান নির্যাতনের ভিডিও শিক্ষার্থীদের দেখানোর কথা স্বীকার করেন। তবে তার দাবি, তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোহিঙ্গাদের সাহায্য-সহযোগিতার জন্য অর্থ আদায়ের নির্দেশ দিয়েছে উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। আগামী ৩ অক্টোবরের মধ্যে ওই টাকা সমিতিতে জমা দিতে বলা হয়েছে।
চককৃষ্ণপুর আলিম মাদ্রাসাসহ আরও কয়েকটি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও একইভাবে অর্থ আদায় করছেন শিক্ষকরা।
এই বিষয়ে দুর্গাপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চককৃষ্ণপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মকছেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষের নির্দেশে তিনি উপজেলার সব মাদ্রাসা প্রধানদের কাছে এ ধরনের একটি বার্তা পাঠিয়েছেন।
“তবে কাউকে চাপ প্রয়োগ করে বা লোমহর্ষক কোনো ভিডিও দেখিয়ে টাকা নিতে আমি বলিনি। স্বেচ্ছায় যে যা দেবে, তাই নেওয়া হবে,” বলেন তিনি।
মাওলানা মকছেদ জানান, দুর্গাপুর উপজেলায় ১৭টি মাদ্রাসায় প্রায় ৫ হাজার শিক্ষার্থী রয়েছে। রোহিঙ্গাদের সাহায্যের জন্যই শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের কাছ অর্থ আদায় ও ভিডিও দেখানোর বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, এ ধরনের কোনো নির্দেশনা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকেও এ ধরনের কোনো নির্দেশনা আসেনি।
“তারপরও মাদ্রাসাগুলো কীভাবে এ ধরনের কাজ করছে, তা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে,” বলেন তিনি।
