কেরানীগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ২
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় ছয় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ওসি দীপকচন্দ্র সরকার জানান, উপজেলার ইকুরিয়া বেবিস্ট্যান্ড থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন - মো. বিল্লাল হোসেন (৩০) ও মো. তারেক রহমান (৪০)।
ওসি দীপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের সোমবার সকালে আদালতে পাঠানো হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
