২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জের জঙ্গলে শিশুর হাত-পা বাঁধা লাশ

ঢাকার কেরানীগঞ্জের একটি জঙ্গল থেকে একদিন আগে নিখোঁজ মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 11:15 PM

Updated : 19 Aug 2022, 05:35 PM

মৃত ফারজানা আক্তার (৭) উপজেলার সিরাজনগর উত্তরপাড়া এলাকার মো. কবির হোসেনের মেয়ে ও স্থানীয় কওমী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, রোববার উত্তরপাড়ার একটি ঝোপে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর লাশ পাওয়া যায়।

শিশুর পরিবারের বরাত দিয়ে ওসি শাকের জানান, শনিবার বিকাল থেকে নিখোঁজ ছিল ফারজানা। পরিবারের লোকজন কোথাও তার সন্ধান না পেয়ে রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল।

“রোববার বিকালে বাড়ির পাশের একটি জঙ্গলে স্থানীয়রা ফারজানার হাত-পা বাঁধা লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।”

শিশুর গলায় কালো দাগ এবং কাপড় ও সুতা পেঁচানো ছিল বলে জানান তিনি।

এ ঘটনায় জড়িত সন্দেহে এনামুল হক (২৫) ও রহমত আলী (৫৫) নামে নিহতের প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি শাকের।