‘অবৈধ রোহিঙ্গা ক্যাম্প করে প্রতারণা’, ৬ জন দণ্ডিত
‘সরকারি জমিতে অবৈধভাবে ক্যাম্প নির্মাণ করে’ রোহিঙ্গাদের আশ্রয়দানের নামে প্রতারণার অভিযোগে কক্সবাজারের উখিয়ায় ছয় জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুরের মধ্যে অভিযান চালিয়ে এদের আটক করে ভ্রম্যমাণ আদালতে বিচার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডিতরা হলেন উখিয়া উপজেলার থাইংখালী হাকীম পাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে মনির আহাম্মদ (৪৫), মোজাহের মিয়ার দুই ছেলে ফরিদ আলম (৩০) ও নূরুল কবীর (৩১), আব্দুস শুক্কুরের ছেলে নূরুল আমিন বাবু (৩৫), মৃত নূর মোহাম্মদের ছেলে জয়নাল আবেদীন (৩৫) এবং মৃত ইলিয়াছের ছেলে শাহাব উদ্দিন (২৪)।
এদের মধ্যে প্রথমজনকে ২০ দিন এবং বাকিদের ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা সংবাদে জানা যায়- উখিয়ার থাইংখালীর হাকীমপাড়া এলাকায় কিছু ব্যক্তি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সংগঠিত করে ‘সংরক্ষিত বনাঞ্চলের জায়গায় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অবৈধভাবে’ শরনার্থী ক্যাম্প স্থাপন এবং ক্যাম্প পরিচালনার জন্য গোপনে একটি কমিটি করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার উদ্যোগ নিচ্ছে।
মেজর রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উক্ত কমিটির সদস্যরা আশ্রয় দানের বিনিময়ে তাদের কাছ থেকে অর্থ আদায়, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও এবং বিভিন্ন সংস্থার কাছ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে তা নিজ বাসস্থানে রেখে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে আসছে।
“এছাড়া কমিটির সদস্যরা সরকার অনুমোদিত ক্যাম্পে শরণার্থীদের যেতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।”
সাজা হওয়ার পর দণ্ডিতদের কক্সবাজার কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।
