রোহিঙ্গাদের নিরাপত্তা দিন, বিশ্ব সম্প্রদায়কে এরশাদ
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন-নিপীড়ন বন্ধের পাশাপাশি সেদেশে তাদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি বলেন, “রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যেতে হবে। সেখানে মিয়ানমার সরকারের পাশাপাশি জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতন-নিপীড়ন বিশ্বাবাসীর বিবেককে আঘাত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, “কত শিশুর লাশ নদীতে ভাসছে। আজ বিশ্ব বিবেকের কাছে আবেদন করি, এগিয়ে আসুন; এসব বিপন্ন মানুষের পাশে দাঁড়ান।”
এ পর্যন্ত সরকারসহ বিভিন্ন মহল থেকে দেওয়া ত্রাণ সাহায্য যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি।
গত দুই সপ্তাহে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সংখ্যা ইতোমধ্যে পৌনে চার লাখ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কক্সবাজার এসে পৌঁছায় এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ২৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল।
এরপর তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে চলে যান।
সেখানে ঘণ্টাব্যাপী শরণার্থী ক্যাম্প পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেন। পরে সেখানে দলের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এরশাদ।
বেলা সাড়ে ৩টার দিকে তিনি কক্সবাজারের রওনা দেন।
এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কেন্দ্রীয় সদস্য কবির আহমদ, কক্সবাজার জেলা সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক মুফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
