‘পরকীয়ায় বাধা দেওয়ায়’ বান্ধবীর আগুনে দগ্ধ রেখার মৃত্যু
স্বামীর সঙ্গে ‘পরকীয়ায় বাধা দেওয়ায়’ বান্ধবীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ রেখা বেগম (৪০) মারা গেছেন।
সোমবার বিকোলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের বার্ন ইউনিটের ইনচার্জ আফরোজা নাজনিন।
তিনি বলেন, রোববার দুপুর থেকে তার অবস্থার অবনতি হয়। বিকালে শ্বাস-প্রশ্বাসের কষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। কিন্তু রেখার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় শারীরিক অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
স্বামীর সঙ্গে পরকীয়ায় বাধা দেওয়ায় গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহীর দরগাপাড়া এলাকায় রেখার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বান্ধবী ফেরদৌসী খাতুন (৪০)। এরপর রেখাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
এ ঘটনায় রেখার বড় ভাই নওশাদ আলী বাদী হয়ে স্বামী কামরুল হুদা ও বান্ধবী ফেরদৌসিকে আসামি করে মামলা করেন।
ওই রাতেই নগরীর কসাইপাড়া এলাকার আলম হোসেনের মেয়ে ফেরদৌসিকে এবং শনিবার কামরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ।
