২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোহিঙ্গা সংকটের পথরেখা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী’

কক্সবাজারের কুতুপালং পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট ও সমাধানের পথরেখা ঘোষণা করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2017, 07:08 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প কুতুপালং পরিদর্শন শেষে সোমবার দুপুরে এ কথা জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

তিনি ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ প্রধানমন্ত্রীর নির্দেশে অগ্রবর্তী দল হিসেবে এসেছেন বলেও জানান কাদের।

সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার পরামর্শ করেছেন। কুতুপালং ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এ সংকট সমাধানে পথরেখার ঘোষণা দেবেন।

পথরেখায় রোহিঙ্গাদের আশ্রয়, অস্থায়ী নিবাস, সাময়িক পুনর্বাসন, ভবিষ্যত করণীয় এবং তাদের মিয়ানমারে ফেরত পাঠানো বিষয়ে কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় বিষয় থাকবে বলে জানান তিনি।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে উল্লেখ করে কাদের বলেন, উপকূলে ঝড়, হাওরের এবং উত্তরের বন্যায় এমনি অর্থনীতি ক্ষতিগ্রস্ত। তার উপরে রোহিঙ্গারা মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন তিনি।

সোমবার বেলা আড়াইটার দিকে কুতুপালং ক্যাম্প পরিদর্শনে যান কাদের। এ সময় তিনি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।এর আগে বেলা ১টার দিকে বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার আসেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ দলের নেতা কর্মীরা।