সওজ-বিটিসিএল টানাপোড়েনে গাজীপুরে বিকল কয়েকশ ফোন
সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে বিটিসিএলের টানাপোড়েনের কারণে গাজীপুরের কোনাবাড়ি থেকে কালিয়াকৈর এবং চান্দনা-চৌরাস্তা থেকে বোর্ডবাজার এলাকায় কয়েকশ টোলিফোন দীর্ঘদিন ধরে বিকল রয়েছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বলছে, গাজীপুরের মহাসড়ক সম্প্রসারণ এবং ফ্লাইওভার নির্মাণ কাজ শুরুর সময় টেলিফোনের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়; যা অর্থ সংকটে মেরামত করা সম্ভব হচ্ছে না।
তবে মহাসড়ক সম্প্রসারণের কাজ করতে গিয়ে বিটিসিএলকে টেলিফোন লাইন ও সরঞ্জাম সরিয়ে নিতে বলা হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ সওজের।
এদিকে টেলিফোন গ্রাহকদের অভিযোগ, লাইন ব্যবহার না করলেও নিয়মিত বিল পাঠানোর কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, গত পাঁচ মাস ধরে তার টেলিফোনটি অকেজো হয়ে আছে।
“এনিয়ে বিটিসিএলের স্থানীয় কার্যালয়ে একাধিকবার মৌখিক অভিযোগ করলেও ‘আজ সারাই হচ্ছে কাল সারাই হচ্ছে’ বলে তারা কালক্ষেপণ করছে মাত্র, কাজের কাজ কিছুই হয়নি।”
কোনাবাড়ি এলাকার মো.মাসুদ রানা বলেন, প্রায় দুই বছরের বেশি তার টেলিফোনে লাইনটি অচল রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়িতে ফ্লাইওভার নির্মাণ এবং ফোরলেন উন্নীতকরণের কাজ করতে গিয়ে লাইনটি নাকি কাটা পড়েছে বলে তিনি শুনেছেন।
তখন থেকে লাইন সচল না হলেও লাইন রেন্ট মওকুফ হয়নি বলে অভিযোগ করেন তিনি।
কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার এমারত হোসেন একই অভিযোগ করে বলেন, “কবে ফোরলেনের কাজ শেষ হবে আর কবে লাইন সচল হবে অনিশ্চিয়তার মধ্যে আছি।”
এ বিষয়ে জানতে চাইলে বিটিসিএল বোর্ডবাজার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নবীন চন্দ্র সরকার বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চান্দনা-চৌরাস্তা থেকে বোর্ডবাজার এলাকা পর্যন্ত চার মাস ধরে সড়ক ও জনপথ বিভাগ ড্রেনের কাজ করতে গিয়ে তিন শতাধিক টেলিফোন লাইন কেটে ফেলেছে।”
“শুধু তাই নয়, কাটা ক্যাবলগুলোও তারা নিয়ে গেছে। আমাদের না জানিয়ে এ কাজ করায় তাদের বিরুদ্ধে দুইটি জিডিও করা হয়েছে। ড্রেনের কাজ শেষ হলেও ক্যাবলের অভাবে এখনও লাইন মেরামত করা সম্ভব হয়নি।”
বিটিসিএল গাজীপুরের বিভাগীয় প্রকৌশলী মো.হাফিজুর রহমান বলেন, “গাজীপুরের কোনাবাড়ি এক্সচেঞ্জের আওতায় জয়দেবপুর-চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গায় মহাসড়কের চারলেন উন্নীতকরণ এবং ফ্লাইওভার নির্মাণ কাজ করার সময় ওই এলাকার তিন শতাধিক টেলিফোন লাইন (অপটিক্যাল ফাইবার) ও কেবিনেট ক্ষতিগ্রস্ত হয়েছে।
“ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামত করতে ২৭ লক্ষাধিক এবং নতুনভাবে স্থাপন করতে গেলে ১২কোটি ৪০ লাখেরও বেশি টাকার প্রয়োজন।”
প্রয়োজনীয় অর্থ ও সরঞ্জামের অভাবে ওই এলাকার টেলিফোন লাইনগুলো সচল করা সম্ভব হয়নি।
চান্দনা-চৌরাস্তা থেকে বোর্ডবাজার এলাকা পর্যন্ত বিকল লাইন সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন অফিসে জানানো হয়েছে। বাজেট পেলে মেরামত কাজ শুরু করা হবে।
ফোরলেন প্রকল্প-৩-এর ব্যবস্থাপক মো.জিকরুল হাসান বলেন, মহাসড়ক সম্প্রসারণের কাজ করতে গিয়ে প্রয়োজন হলে নিজ খরচে টেলিফোন লাইন ও কেবিনেটসহ সকল সরঞ্জাম সরিয়ে নেবে বলে টেলিফোন কর্তৃপক্ষের সঙ্গে সড়ক ও জনপথের চুক্তি হয়।
“তারপরও তাদের লাইন ও সরঞ্জাম সরাতে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা লাইন তো সরায়ইনি, উপরন্তু নতুন লাইন স্থাপন এবং মেরামতের জন্য খরচ দাবি করে চাহিদাপত্র দিয়েছে।”
তিনি বলেন, ফোরলেনের কাজ শুরু করার সময় স্থানীয় বিটিসিএল অফিসকে তাদের লাইন ম্যাপ দেখানোর জন্য একাধিকবার তাগাদা দিলেও তারা তাতে সাড়া দেয়নি।
“এ অবস্থায় চারলেন উন্নীতকরণ প্রকল্পের শত শত শ্রমিক বসিয়ে রেখে আমরা জরিমানা গুণতে পারি না।”
