২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ের ব্যবস্থা হচ্ছে: মায়া

মানবিক দিক বিবেচনা করে সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2017, 09:57 PM

Updated : 11 Oct 2022, 02:30 PM

পুরনো খবর:

রোহিঙ্গা নিয়ে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

শুক্রবার কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, “রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়দান সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে সরকার। এত বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের আশ্রয়দান, বাংলাদেশের জন্য কষ্টকর হলেও এ মানবিক সংকটের সময়ে রোহিঙ্গাদের সাময়িক সময়ের জন্য সীমান্তবর্তী একটি এলাকায় আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে।”

তাদের জন্য বাংলাদেশের পক্ষে সম্ভব সকল ধরনের মানবিক সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

“আলাপ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অল্প সময়ের মধ্যে এ সংকটের সমাধান সম্ভব বলে আমরা মনে করি। আমরা আশা করি মিয়ানমার অতি দ্রুত তার নাগরিকদের ফিরিয়ে নেবে,” বলেন মায়া।

তিনি আরও বলেন, বিগত কয়েক বছর ধরে মিয়ানমারের এই রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। আগে আসা এসব নাগরিকরা সম্পূর্ণ অবৈধভাবে কক্সবাজারের বিভিন্ন এলাকায় মানবেতর জীবনযাপন করছে।

২৫ অগাস্টের পর থেকে নতুন করে মিয়ানমারের বিপুল সংখ্যক নাগরিক জীবনের ঝুঁকি নিয়ে নদী ও সাগর পথে বাংলাদেশে আসছে উল্লেখ করে তিনি বলেন, “২৫ অগাস্টের পর থেকে আজ পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে তিন লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারনা করা হচ্ছে, যার হার অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।”

নারী, শিশু ও অসহায় অনুপ্রবেশকারীদের করুন চিত্র বিশ্ববাসীর নজরে এসেছে এবং বাংলাদেশ ও বিশ্ববাসী এ নিয়ে বিশেষ উদ্বিগ্ন। অসহায় এই মানুষগুলোর দুঃখ-দুর্দশা মানবিক সংকট তৈরি করেছে মন্তব্য করে আন্তর্জাতিক সংগঠন ও সম্প্রদাকে এ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান মায়া।

 

এ লোকগুলোকে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেওয়ারও আহ্বান জানান তিনি বিশ্ববাসীর কাছে।

আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু, মন্ত্রিপরিষদ সচিব মো. সফিউল আলম, সাংসদ আব্দুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।