জমি না দেওয়ায় বাবা-মাকে মারধর, বোনকে কোপ
জমি লিখে না দেওয়ায় সিরাজগঞ্জ শহরে বোনকে বঁটি দিয়ে কুপিয়ে আহত করার পাশাপাশি বাবা-মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
শহরের মাছুমপুর দক্ষিণপাড়ার বাসিন্দা শাহজাহান শেখের অভিযোগ, বৃহস্পতিবার সকালে তার মেজো ছেলে তাদের ওপর এই হামলা চালান।
নিজেকে পুলিশের অবসরপ্রাপ্ত বাবুর্চি পরিচয় দিয়ে শাহজাহান বলেন, মাছুমপুর মহল্লায় চার শতক জায়গায় বসতবাড়ি তৈরি করে ছেলেমেয়ে নিয়ে বসবাস করে আসছেন তিনি। পাঁচ মেয়ে ও তিন ছেলের মধ্যে মেজো ছেলে রাসেল অন্যদের বাদ দিয়ে বাড়িটি তার নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন।
“জমি লিখে না দেওয়ায় সে বুধবার বাড়ির ঘরদরজা ভাংচুর করে। এরপর বৃহস্পতিবার অতর্কিতে বঁটি দিয়ে ছোট মেয়ে তাসলিমার মাথা ও ঘাড়ে কুপিয়ে আহত করে। বাধা দিতে গেলে আমাকে ও আমার স্ত্রীকেও মারধর করে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এ বিষয়ে পুলিশে কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন সদর থানার ওসি হেলাল উদ্দিন।
