শ্রীমঙ্গলে ‘কুখ্যাত ডাকাত’ আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১২ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক আকতার মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আঠালিয়া গ্রামের আকবর আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানার এসআই মো. ফজলে রাব্বী জানান, গোপন খবরের ভিত্তিতে সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও এলাকায় রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, “আকতার ডাকাতির জন্য সিলেট বিভাগে কুখ্যাত। শ্রীমঙ্গলে অবস্থান করে আরও কয়েকটি ডাকাতির পরিকল্পনা ছিল তার।
“মৌলভীবাজার সদর থানায় তিনটি ডাকাতি ও একটি খুনের মামলা, কানাইঘাট থানায় একটি ডাকাতি মামলা, বিশ্বনাথ থানায় দুটি, চুনারুঘাট থানায় তিনটি, বিয়ানীবাজার থানায় দুটিসহ অনেক মামলা আদালতে বিচারাধীন আছে। এছাড়া তার বিরুদ্ধে ১২টি গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি আছে।”
সিলেট বিভাগের বিভিন্ন ডাকাতদলের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানান ওসি নজরুল।
