২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাব্য সংকট: শিমুলিয়ায় একুশ ফেরির ১৩টিই বন্ধ

নাব্য সংকট তীব্র হওয়ায় পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে চলাচলকারী ২১টি ফেরির মধ্যে মাত্র আটটি সচল থাকায় দুই ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 02:16 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, চ্যানেলের গভীরতা কমে যাওয়ায় রো রো, মিডিয়াম ও ডাম্প ফেরিগুলো চলতে পারছে না; কেবল ছোট ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। এতে সময় লাগছে দেড়গুণ বেশি।

এই পরিস্থিতিতে সোমবার দুপুরে শিমুলিয়া ঘাটে তিন শতাধিক ট্রাকসহ পাঁচ শতাধিক বাহনকে পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। দীর্ঘ  অপেক্ষায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শাহ নেওয়াজ বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে নদী পার হতে পারে, সেজন্য বিআইডব্লিউটিসি পর্যপ্ত ফেরির ব্যবস্থা করেছিল।

কিন্তু বর্ষা মৌসুমে পলি জমার কারণে বৃহস্পতিবার রাত থেকে নাব্য সংকট তীব্র হয়ে উঠেছে। স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় শুক্রবার থেকে রো রো ফেরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

“এখন মিডিয়াম ও ডাম্প ফেরিও বন্ধ করে দিতে হয়েছে। ২১টির মধ্যে এখন আটটি ছোট ফেরি চলাচল করছে।”

শাহ নেওয়াজ বলেন, লৌহজং টার্নিংসহ পদ্মার চারটি পয়েন্টে নাব্য সংকট কাটাতে ড্রেজিং শুরু হয়েছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা সহনীয় হবে বলে আশা করা যাচ্ছে।