নাফ নদীতে রোহিঙ্গা নারীর লাশ
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে আরেক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পয়েন্টে ওই নারীর ভাসমান মরদেহ পাওয়া যায় বলে জানান টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান।
দশ দিন আগে মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত চার দিনে নাফ নদী থেকে ৫০ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হলো।
এর আগে বুধবার চার জন, বৃহস্পতিবার ১৯ জন ও শুক্রবার ২৬ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
ওসি মাইনউদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় এক ‘রোহিঙ্গা নারীর’ মৃতদেহ উদ্ধার করে।
“মৃতদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। আনুমানিক ২৫ বছর বয়সী এ নারীর পরনে ছিল বার্মিজ থামি ও ব্লাউজ।”
এটি নাফ নদীতে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় মারা যাওয়া কোনো নারীর মৃতদেহ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
টেকনাফের শাহপরীর দ্বীপে এক কবরস্থানে মৃতদেহটি দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মাইনউদ্দিন।
গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ায় সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল শুরু হয়।
কক্সবাজার ও বান্দরবানে নাফ নদী পেরিয়ে সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গাদের দিকে মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলি করার ঘটনাও ঘটেছে।
শরীরে গুলি ও পোড়া ক্ষত নিয়ে চট্টগ্রামে মেডিকেলে ভর্তি আছেন বেশ কজন রোহিঙ্গা।
গত এক সপ্তাহে অন্তত ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি বলে সীমান্তবাসীর ধারণা।
