মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলায় ঈদ
প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন দেশের কয়েকটি জেলার মানুষ।
শুক্রবার ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর এসব এলাকার লোকজন পশু কোরবানি দেন।
দীর্ঘদিন ধরেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ
শুক্রবার সকালে সাড়ে ৮টায় চাঁদপুরের ফরিদগঞ্জের বদরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আবুল খায়ের। পাঁচ শতাধিক মানুষ এ নামাজে অংশ নেন।
শরীয়তপুরে ৩০ গ্রামে ঈদ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর পীরের অনুসারীরা চারটি উপজেলার ৩০টি গ্রামে ঈদুল আজহা পালন করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় সুরেশ্বর দরবার শরীফে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ভক্ত অংশ গ্রহণ করেন।
নামাজে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের মুত্তালী গদিনশীন পীর কেবলা শাহ সৈয়দ বেলাল নূরী।
দিনাজপুরে ঈদ ৪ উপজেলায়
শহরের বাসুনিয়াপট্টি এলাকার একটি কমিনিটি সেন্টারে শুক্রবার সকাল সাড়ে ৮টায় মাওলানা মতিউর রহমানের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশ নেন।
লক্ষ্মীপুরে ১১টি গ্রামে ঈদ
শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুন কোরান নূরানী মাদ্রাসা মাঠে সব চেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে মাওলানা আমিনুল ইসলাম ইমামতি করেন।
মুন্সীগঞ্জে নয় গ্রামে ঈদ
মুন্সীগঞ্জ সদর উপজেলার নয় গ্রামে শুক্রবার ঈদের নামাজ পড়েছেন ও পশু কোরবানি করা হয়েছে।
গ্রামগুলোর জাহাগীর তরিকার প্রায় পাঁচ হাজার মানুষ কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সদরের শিলই ঈদগাহে জাহাগিরীয়ায় ঈদ জামাতে ইমামতি করেন মনিরুল ইসলাম।
