পুঠিয়ায় শিশু ‘ধর্ষণ”, সৎবাবাসহ গ্রেপ্তার ২
রাজশাহীর পুঠিয়া উপজেলায় দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎবাবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে শিলমাড়িয়া গ্রাম থেকে খবির উদ্দিন (৪০) ও ওহাব আলীকে (২৬) গ্রেপ্তার করা হয়।
শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ওসি সায়েদুর বলেন, ভাল্লুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল গ্রামের খবির উদ্দিন দীর্ঘদিন ধরে শিলমাড়িয়া ইউনিয়নের খোকসা গ্রামে ভাড়া বাড়িতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছেন।
“গত ২৭ অগাস্ট ওই গ্রামের লোকমান আলীর ছেলে ওহাব আলীর কাছে শিশুটি বাড়িতে একা থাকার সময় ধর্ষিত হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে গিয়ে জানতে পারে, এর আগে শিশুটি তার সৎবাবা খবিরের কাছেও ধর্ষিত হয়েছে।”
এ ঘটনায় শিশুর মা দুইজনের নামে মামলা করেছেন বলে জানান ওসি সায়েদুর।
