শিক্ষকের বিরুদ্ধে ৩ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তিন শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
উপজেলার ৫৫ নম্বর উত্তর পশারী বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো আব্দুর রহিমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ।
অভিভাবকরা জানান, বুধবার স্কুল চলাকালে পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে একজন একজন শ্রেণিকক্ষ থেকে ডেকে সিঁড়িতে ও ছাদে নিয়ে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রহিম। বিষয়টি ছাত্রীরা প্রথমে বিদ্যালয়ের অন্য শিক্ষিকাদের এবং পরে বাড়িতে এসে তাদের কাছে জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন নাহার জানান, ছাত্রীরা তাদের কাছে অভিযোগ করলে তারা বিষয়টি ওই শিক্ষকের কাছে জানতে চান। তখন তার ভুল হয়েছে বলে ক্ষমা প্রার্থনা করে এমন ঘটনা আর ঘটবেন না বলে জানান।
এর আগেও একই ধরনের অভিযোগে আব্দুর রহিমকে উপজেলার ৬২ নং ধাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই স্কুলে বদলি করা হয়েছিল বলে জানান তিনি।
প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বলেন, অন্য শিক্ষিকাদের মাধ্যমে তিনি ঘটনাটি শুনেছেন। কিন্তু ছুটিতে থাকায় কোনো ব্যবস্থা নিতে পারেননি।
স্কুল খোলার পরে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল বলেন, ঘটনাটি জানতে পেরে তিন সদস্যের একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভাণ্ডরিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি লোকমুখে শুনলেও অভিভাবকদের কাছ থেকে লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রহিম বলেন, একটি মহল তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে বিপদে ফেলার চেষ্টা করছে।
