শিমুলিয়ায় বেড়েছে ঘরমুখোদের চাপ, পারাপারে অপেক্ষা
ঈদের আগে শেষ কর্মদিবসে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে সাড়ে চার শতাধিক যান।
বৃহস্পতিবার ঘাটে ১৯টি ফেরি চলাচল করলেও স্রোত ও বাতাসে সময় বেশি লাগায় পারাপার ব্যাহত হচ্ছে বলে জানান শিমুলিয়া বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালেদ।
তিনি বলেন, ট্রাক পারাপার বন্ধ করে শুধু যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার পার করা হচ্ছে। বুধবারের চেয়ে বৃহস্পতিবার ভিড় বেশি। শুধু শিমুলিয়া প্রান্তেই সাড়ে ৪০০ যান পারাপারের অপেক্ষায় রয়েছে।
সরেজমিনে বৃহস্পতিবার ভোর থেকেই শিমুলিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা যায়। গাড়ির দীর্ঘ সাড়ি দেখা যায় সব ঘাট পয়েন্টেই।
ঘাটে পারাপারের ব্যবস্থাপনায় অনিয়মের সঙ্গে লঞ্চ এবং স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে বলে অভিযোগ করছে অনেকে।
স্পিডবোট যাত্রী মনির হোসেন বলেন, পদ্মা পারাপারে আগে স্পিডবোটে দেড়শ টাকা করে নেওয়া হত। এখন দুইশ টাকা করে আদায় করছে।
ঘাটে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপদে ঘর ফেরা ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে ট্রাক পারাপার বন্ধ করা হয়েছে। ট্রাকগুলো শিমুলিয়া ঘাট থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সিরাজদিখান কুচিয়ামোড়া সিটি মাঠে রাখা হয়েছে ।
ঈদের আগে ও পরের তিনদিন এই নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে বলে জানান তিনি।
