চন্দ্রায় স্বাভাবিক যান চলাচল
দুদিন আগেও যেখানে জটে নাকাল হয়েছেন হাজার হাজার যাত্রী, গাজীপুরের কালিয়াকৈরের সেই চন্দ্রায় দেখা গেছে একেবারে উল্টো চিত্র।
বুধবার সকালে সরেজমিনে চন্দ্রা ও ভোগড়া বাইপাস এলাকায় স্বাভাবিক গতিতে গাড়ি চলতে দেখা গেছে।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টানা দুদিন বৃষ্টি না থাকায় গাজীপুরে ক্ষতিগ্রস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, মৌচাক, সফিপুর, সাইনবোর্ড, মালেকের বাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত মেরামত করা সম্ভব হয়েছে। ফলে তা যানবাহনগুলো চলাচল করতে পারছে।
“এতে অন্তত এসব পথে গাড়ি সচল রয়েছে, কোথাও যানবাহন একেবোরে থেমে নেই।”
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, অন্যান্য সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, মৌচাক, সফিপুর, যানজট লেগেই থাকত; কিন্তু বুধবার সকালে এ চিত্র ছিল একেবারে উল্টো।
চন্দ্রা ত্রিমোড়
আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা গত রোজার ঈদের চেয়েও স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা করছেন।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নেই। এ মহাসড়কটি চার লেনে উন্নীত হওয়ার পর থেকেই যানজট কমে গেছে।
“গত ঈদে এ সময়ে (ঈদের ২/৩ দিন আগে) গাড়ির চাপ বেশি ছিল, কিন্তু বুধবার সকালে এ মহাসড়কে গাড়ির চাপ দেখা যায়নি। গাড়ি চলাচল অনেকটাই স্বাভাবিক।”
তারপরও গাজীপুরের বিভিন্ন স্পটে শতাধিক হাইওয়ে পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
ভোগড়া বাইপাস
“রাস্তার উপর অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ ছাড়াও মোবাইল কোর্ট পরিচালনা করে ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করায় গাজীপুরে মহাসড়ক অনেকটাই যানজট মুক্ত করা সম্ভব হয়েছে।”
সম্প্রতি চন্দ্রা এলাকায় পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সমালোচনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, সমালোচনা ও পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পরই ক্ষতিগ্রস্ত রাস্তা ও রাস্তার বিভিন্ন সমস্যা দ্রুত মেরামত ও সমাধান করা সম্ভব হয়েছে। এতে রাস্তা ব্যবহার উপযোগী ও সচল রয়েছে।
