২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে হত্যার অভিযোগে তিন বন্ধু গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোটারসাইকেলের জন্য বন্ধুকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 08:32 PM

Updated : 19 Aug 2022, 05:25 PM

কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নিহত রানা মিয়া (২৬) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাতফতেপুর এলাকার ফারুক মিয়ার ছেলে। রানা ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন - গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকার উসমান আলীর ছেলে রানা (২৩), একই এলাকার হাফিজুর রহমানের ছেলে টুটুল (২০) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাতফতেপুর এলাকার আলাল মিয়ার ছেলে আরাফাত হোসেন (২৪)।

ওসি রফিকুল নিহতের পরিবারের বরাতে বলেন, শনিবার রানাকে তার বন্ধু আরাফাত মোটরসাইকেল ভাড়ার নেওয়ার কথা বলে ফোনে ডেকে নেন।

“রাতে রানা বাড়ি না ফেরায় তার বাবা থানায় জানানোর পর আরাফাতকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে কালিয়াকৈর উপজেলার পাইকপাড়ার গজারি বন থেকে লাশ উদ্ধার করা হয়।”

নিহত রানার বাবা ফারুক মিয়া কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেছেন জানিয়ে ওসি রফিকুল বলেন, গ্রেপ্তার তিনজনই গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।