২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির পশুর দামে হতাশ যশোরের খামারিরা

যশোরের পশুর হাটে ক্রেতা কম জানিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা। বন্যার কারণে এ অবস্থা বলে তারা মনে করছেন। তবে ক্রেতারা কম দামে পশু পেয়ে খুব খুশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 06:59 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

যশোর জেলা শহর থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণে যশোর-সাতক্ষীরা সড়কের পাশে বসে বৃহৎ সাতমাইল হাট। ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্টরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সাম্প্রতিক কেনাবেচার খবর।

শার্শা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব সিংহ বলেন, এ বছর এ উপজেলায় তিন হাজারের বেশি খামারি প্রায় ২১ হাজার গরু-ছাগল কোরবানির জন্য প্রস্তুত করেছেন। কিন্তু ক্রেতার অভাবে বেচাকেনা কম।

“খামারিরা খরচের টাকাও তুলতে পারছেন না বলে খবর পাচ্ছি। লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছেন তারা।”

হাট কমিটির সদস্য আবু তালেব জানিয়েছেন, কুষ্টিয়া, ফরিদপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারিরা আসে এ হাটে।

“এবার তারা বেশি না আসায় বেচাবাট্টা কম।”

নারায়ণপুরের খামারি আনিছুর রহমান বলেন, “দেনা করে গরু পেলে এখন দাম পাচ্ছিনে। লোকসানের মুখে বিক্রিও করতে পারছিনে। বাধ্য হয়ে বাড়ি ফিরিয়ে নিচ্ছি।”

শরীয়তপুরের ব্যাপারি সেলিম সর্দার প্রতিবছর প্রতিহাটে অন্তত পাঁচ ট্রাক গরু কিনলেও মঙ্গলবার তিনি মাত্র দুই ট্রাক গরু কিনেছেন বলে জানালেন।

“এবার বিভিন্ন এলাকায় বন্যার কারণে পশুর চাহিদা কম। দামও তুলনামূলক অনেক কম।”

ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় অন্তত পাঁচ লাখ টাকা লাভের আশা করেছিলেন বলিদাহ গ্রামের খামারি সুজাউদ্দৌলা টিপু।

তিনি বলেন, ১৮টি গরু আছে তার খামারে।

“পাঁচ বছর আগে তিনটি গরু নিয়ে খামার শুরু করি। এবার ১৩টি গরু কোরবানির জন্য তৈরি করেছি। প্রতিটা গরু অন্তত দেড় লাখ টাকায় বিক্রির আশা ছিল। হাটে এসে ৮০-৯০ হাজারের বেশি দাম না ওঠায় বাড়ি ফেরত নিয়ে যাচ্ছি।”

তের-চৌদ্দ মণ মাংস হবে এমন গরু দুই লাখ টাকায়ও কেউ কিনছে না বলে জানালেন খামারি সোহারাব হোসেন।

“পশুখাদ্যের দাম এখন অনেক বেশি। সারা বছর সন্তানের মতো লালন-পালন করি ঈদের সময় উপযুক্ত দাম পাওয়ার আশায়। হাটে এনে পড়েছি বিপাকে। খরচ অনুযায়ি দাম উঠছে না।”

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার মল্লিকাপুর খলসি গ্রামের আবুল কালাম ব্যাপারি বলেন, ৮৫টি গরু কিনেছেন তিনি

“এর মধ্যে ২০টি গরু দিয়ে একটি ট্রাক চট্টগ্রামের পাহাড়তলির সাগরিকা হাটে পাঠিয়েছি। আরও পাঁচ ট্রাক পাঠাব।”

এসব গরু ৬০ হাজার থেকে দেড় লাখ টাকায় বিক্রি করবেন বলে তিনি জানান।

একই বাজার থেকে ৩৫টি গরু কিনেছেন কুষ্টিয়ার হাতিয়া গ্রামের আলিমুদ্দিন ব্যাপারি। গরুগুলো তিনি ঢাকার গাবতলী ও আগারগাঁও পশুর হাটে পাঠাবেন বলে জানান।

তিনি বলেন, “প্রতিটি গরু ঢাকায় নিতে পরিবহন খরচ পড়বে দুই হাজার টাকা। ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে। বিক্রির আগ পর্যন্ত দিনে ৬০০ টাকা করে খরচ হবে প্রত্যেক গরুর জন্য। তাই দাম কম হলে পোষাবে না।”

তবে কোরবানির পশু কিনতে আসা লোকজন দাম কম হওয়ায় খুশি হচ্ছেন।

বেনাপোলের জুলফিকার আলী মন্টু বলেন, “পাঁচ মণ মাংস হবে এমন একটি গরু কিনেছি ৮৯ হাজার টাকায়। অন্য সময় এর দাম লাখের ওপরে হত।”

কম দামে গরু কিনতে পেরে বেজায় খুশি তিনি।  

ছোটআঁচড়া গ্রামের আবির হোসেন সাড়ে চার মণ মাংস হতে পারে এমন একটি গরু কিনেছেন ৭৮ হাজার টাকায়। টেংরা গ্রামের শামিম হোসেন উজ্জ্বল একটি ষাঁড় কিনেছেন ৮০ হাজার টাকায়।

তিনি বলেন, “হাটে মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায় দাম কিছুটা বেশি। তবে বড় গরুর দাম তুলনামূলক অনেক কম।”