রাজশাহীতে দুর্ঘটনায় নিহত ৪
রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছে আরও চারজন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী নগরী, গোদাগাড়ী ও মোহনপুর উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন তানোর উপজেলার মুণ্ডুমালা চুনিয়াপাড়ার মিনারুলের স্ত্রী রুবিনা আক্তার (৩৫), পবা থানার কনস্টেবল (ডিএসবি) সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ট্রাক চালকের সহকারী জাহিদ (২০) ও শিবগঞ্জের মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের আফসার আলী (৭৫)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, “বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী নগরীর শিরোইল টার্মিনালের সামনে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুবিনার মৃত্যু হয়।”
পরে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোহনপুর থানার ওসি মাসুদ পারভেজ বলেন,“সকাল সাড়ে ১০টার দিকে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি বাস মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল সেলিমে রেজাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি পাবনার বনখোলা গ্রামে।”
গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, সকাল ৮টায় মহিশালবাড়ী সিএন্ডবি মোড়ে বাসের ধাক্কায় আফসার আলীর মৃত্যু হয়।
এর আগে ভোর ৬টার দিকে গোদাগাড়ীর শহীদ ফিরোজ চত্বরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক ট্রাক চালকের সহকারী জাহিদ ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।
