২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জুয়ার আসর পুড়িয়ে দিল প্রশাসন

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি জুয়ার আসর ভ্রাম্যমাণ আদালতের আদেশে পুড়িয়েছে দেওয়া হয়েছে; এছাড়া ২৩ জনকে জুয়া খেলার অপরাধে এক মাসের সাজা দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 06:57 PM

Updated : 19 Aug 2022, 05:24 PM

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রোববার রাতে সিঅ্যান্ডবি এলাকায় র‌্যাব ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সহযোগিতায় জুয়া খেলাসহ অন্যান্য অনৈতিক কার্মকাণ্ডের অভিযোগে ২৩ জনকে আটক করা হয়।

“অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাস করে কারাদণ্ড দিয়েছে। আর আসর ভেঙে গুঁড়িয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।”

এ সময় সেখানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর বি এম কুদরত এ খুদা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া উপস্থিত ছিলেন বলে জানান রাহেনুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন, “দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিশাল প্যান্ডেল বানিয়ে অসামাজিক কার্যকলাপ, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানো হচ্ছিল। এ কারণে মাদক, জুয়া, হাউজি ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের কারণে যুবসমাজ হুমকির মুখে পড়ে।

“স্কুল-কলেজগামী কিশোরসহ সমাজের একটি বড় অংশ জড়িয়ে পড়ে নানা অপরাধে। এলাকায় চুরি ও চাঁদাবাজির মাত্রাও বেড়ে যায়।”

এ অবস্থায় এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ জানায়। রাতের অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছে।