গাজীপুরে গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার সকালে সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই বিনয় কুমার সরকার জানান।
নিহত রবিউল ইসলাম (২৮) রংপুরের পীরগঞ্জ থানার করিমলক্ষীপুর এলাকার আবুল ইসলামের ছেলে। তিনি বাসন সড়ক এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
এসআই বিনয় কুমার বলেন, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়ক পার হওয়া সময় অজ্ঞাত এক গাড়ি চাপায় ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।
স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
