যানজটে আটকা পড়েছি, এমন ফোন যাতে না পাই: কাদের
যানজটে আটকে নাকাল হওয়া কোনো যাত্রী থেকে ব্যক্তিগত মোবাইলে আর ফোন পেতে চান না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকালে গাজীপুরের সড়ক বিভাগের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সড়কে গর্ত হলে, ফাটল হলে সঙ্গে সঙ্গে মেরামত করতে হবে। এতে তা আর বিস্তৃত হবে না। স্মুথলি গাড়ি চলবে, নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে, যানজট হবে না।
“এখন তো প্রায় সবাই আমার মোবাইল ফোন নম্বর জানে। যখন তখন, এমনকি মাঝরাতেও আমাকে ফোন করে রাস্তায় আটকে পড়ার খবর জানান।
সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের ঈদের ছুটি বাতিল করে রাস্তার খানাখন্দ মেরামত ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী।
পরে তিনি ফোনে দিনাজপুর, রংপুর, বগুড়াসহ বিভিন্ন জেলার সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় চার লেন প্রকল্পের (সাসেক) কার্যালয়ে বিনিময়ের সময় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. সানাউল হক, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, সাসেক প্রকল্প পরিচালক দিলীপ কুমার গুহ, ময়মনসিংহ সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, বগুড়া, টাঙ্গাইলসহ আট জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
