কেরানীগঞ্জে ‘ট্রান্সফরমার চুরি করতে গিয়ে’ যুবকের মৃত্যু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যিনি ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই কাউসার আহম্মেদ জানান, শুক্রবার দুপুরে উপজেলার ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার চণ্ডিতলা মন্দিরের পেছন থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি তারা উদ্ধার করেন।
নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এসআই কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপরে স্থানীয়রা ওই এলাকার বৈদুত্যিক লাইনের খুঁটির নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
“নিহতের হাত ও শরীর পুড়ে গেছে; তার পরনে হাফ প্যান্ট ও ছাই রঙের শার্ট রয়েছে।”
তিনি জানান, ঘটনাস্থল থেকে কিছু বৈদ্যুতিক যন্ত্রাংশ পাওয়া গেছে। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
