২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাঘরের ‘না’ বলা কর্মসূচি শুরু

শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের দশটি বিষয়ে ‘না’ বলা কর্মসূচি শুরু হয়েছে কক্সবাজারে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 04:43 PM

Updated : 11 Oct 2022, 02:26 PM

কক্সবাজারের পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে বৃহস্পতিবার কর্মসূচি শুরু হয়। চলবে আগামী নভেম্বর পর্যন্ত।

কর্মসূচি শেষ হবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়।

খেলাঘরের ‘না’ বলা ১০ বিষয় হল শিশু হত্যা ও নির্যাতন, পাঠ্যবইসহ সর্বস্তরে সাম্প্রদায়িকতা, নিপীড়নমূলক শিক্ষা, ছুটির দিনে লেখাপড়া, সহিংসতায় শিশুর ব্যবহার, খেলার মাঠ ও শহীদমিনার বিহীন বিদ্যালয়, বাল্যবিবাহ, খাদ্যে ভেজাল, মাদক ও মুক্তি সংগ্রামের ইতিহাস বিকৃতকরণ।

খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহাফুজা খানম বৃহস্পতি সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ।

উদ্বোধনী বক্তব্যে মাহফুজা খানম বলেন, “সারাদেশে শিশু হত্যা-নির্যাতন ও নিপীড়নের ঘটনা দিন দিন বেড়েই চলছে; প্রতিনিয়ত যোগ হচ্ছে নির্যাতনের নতুন মাত্রা। সামাজিক মূল্যবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গির অবক্ষয়ের ফলে দিন দিন এ ধরনের ঘটনা ঘটেই চলছে।”

কিন্তু এ অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে রাষ্ট্রযন্ত্র এক প্রকার ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি।

মাহফুজা বলেন, সারাদেশে অব্যাহত শিশু হত্যা, নির্যাতন ও নিপীড়নের প্রেক্ষিতে খেলাঘর শিশু-কিশোরদের অধিকার সংরক্ষণে ১০টি নেতিবাচক বিষয়ে ‘না’বলা কর্মসূচিকে জাতীয় কর্তব্য হিসেবে নির্ধারণ করেছে।

“এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে খেলাঘর দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচী ঘোষণা করেছে। এতে মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠা মানবিক প্রজন্মের বিকাশ ঘটবে বলে খেলাঘর বিশ্বাস করে।”

কক্সবাজার থেকে শুরু হওয়া দেশব্যাপী তিন মাসের এ কর্মসূচিতে সমাজের প্রত্যেক স্তরের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সংহতি প্রকাশের জন্য আহ্বান জানান তিনি।

উদ্বোধন শেষে জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাশেম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শিশু সমাবেশ।

অনুষ্ঠানে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম, বাদল রায়, এস এম জাহিদ, আবুল হাশেম, গোলাম আব্বাস, প্রদীপ ভট্টাচার্য্য, মোস্তাক আহামদ ভুঁইয়া, এনামুল হক জিন্না, হাসানুজ্জামান, খন্দকার তাজুল ইসলাম, শাহীন আক্তার, অরুপ শ্যাম বাপ্পী, মাহাবুর রহমান বাবলু, রোজী সেন, প্রহল্লাদ বণিক, জাতীয় পরিষদের সদস্য বিশ্বজিত পাল বিশু, মৃনাল বড়ুয়া, এম জসিম উদ্দিন, ওয়াহিদ মুরাদ সুমন ও উদ্বোধনী কর্মসূচী উদযাপন কমিটির সদস্য সচিব শহিদুল্লাহ শহিদ উপস্থিত ছিলেন।