অর্থ আত্মসাৎ: রাজশাহীতে সোনালী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
রাজশাহীতে অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপ-পরিচালক আরিফ হোসেন জানান।
গ্রেপ্তার খালেদুল হক সোনালী ব্যাংকের তানোর শাখার সিনিয়র অফিসার। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলার মনিগ্রাম এলাকায়।
এর আগে বুধবার রাতে হাসান খালেদুল হক (সাময়িক বরখাস্ত) ও একই শাখার আইটি কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) নাজির হোসেনের বিরুদ্ধে ৬০ লাখ টাকা আত্মসাতের মামলা করে দুদদ।
অপর আসামি নাজির পালিয়ে গেছেন; তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নাদিরের বাড়ি নগরের বহরমপুর ব্যাংক কলোনী এলাকায়।
আরিফ বলেন, জালিয়াতি করে মমতা এন্টারপ্রাইজ, মেসার্স আলম ইন্টাপ্রাইজ ও তানোর ইন্টারপ্রাইজের নামের ১৮ লাখ ৯০ হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাত করেন খালেদুল।
“এর মধ্যে মমতা এন্টারপ্রাইজ হিসাব থেকে পাঁচ লাখ, মেসার্স আলম ইন্টাপ্রাইজ হিসাব থেকে ১০ লাখ এবং তানোর ইন্টারপ্রাইজের হিসাব থেকে তিন লাখ ৯০ হাজার টাকা জালিয়াতি করে আত্মসাৎ করেন খালেদুল।”
২০১৫ সালের ২০ জানায়ারি এবং একই বছরের ২ ফেব্রুয়ারি এ অর্থ উত্তোলন করেন তিনি।
অপরদিকে নাজির হোসেন তার নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে ও হিসাবের রেকর্ডপত্র পরিবর্তন করে নাজমুল হোসেন নামের একটি হিসাব খুলে মেসার্স মণ্ডল ট্রেডার্সের মাধ্যমে ৪১ লাখ ৪৬ হাজার টাকা আত্মসাৎ করেন বলে জানান দুদক কর্মকর্তা।
২০১৪ সালের ১১ মার্চ থেকে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এ অর্থ উত্তোলন করেন বলে দুদক কর্মকর্তা আরিফ জানান।
