২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক কমানোর খবরে চাল খালাস বন্ধ, বেনাপোলে ট্রাক জট

শুল্ক কমানোর ঘোষণার বাস্তবায়নের আশায় আমদানি করা চাল খালাস করছেন না ব্যবসায়ীরা; এ কারণে বেনাপোল বন্দরে আসা প্রায় ২০০ ট্রাক থেকে চাল খালাস বন্ধ রয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2017, 06:12 PM

Updated : 11 Oct 2022, 02:24 PM

পুরনো খবর:

চালের আমদানি শুল্ক কমে ২% হচ্ছে

সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে বুধবার চালের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে দুই শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

এ সিদ্ধান্তের খবরে ভারত থেকে আসা প্রায় ২০০ ট্রাকে করে আনা প্রায় পাঁচ হাজার টন চাল খালাস করছেন না আমদানিকারকরা।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় অংশে পেট্রাপোল বন্দর, বনগাঁও ও চাকদা সড়কে ২০০ চাল বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।

“এসব ট্রাক বাংলাদেশে প্রবেশের পর পণ্য খালাস না করে রেখে দিলে প্রতিদিন ডেমারেজ দিতে হবে আমদানিকারকদের; তাই আমদানিকারকরা এগুলো গ্রহণ করছেন না।”

বেনাপোলের ‘কপোতাক্ষী এজেন্সিজ’ এর মালিক মশিয়ার রহমান বলেন, যেসব চাল বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে বসে আছে তার জন্য আমদানিকারকদের ডেমারেজ গুণতে হচ্ছে। ছয় চাকার ট্রাকে প্রতিদিন ১২০০ টাকা, ১০ চাকার ট্রাকে ২০০০ টাকা এবং ১২ চাকার ট্রাকে ৩০০০ টাকা ডেমারেজ দিতে হয়।

ভারতীয় ট্রাক চালক বিকাশ দাস বলেন, “সাত দিন আগে চালের ট্রাক নিয়ে এসেছি; কিন্তু পার্টি খালাস করছে না। কী কারণ জানি না।”

একই কথা বললেন চালের ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে আসা ভারতীয় ট্রাক চালক প্রসেনজিৎ দাস ও সুজিত বৈরাগী।

গত জুনে আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করলে দেশের স্থলবন্দরগুলো দিয়ে চাল আমদানি বেড়ে যায়। কিন্তু বেনাপোল ও পেট্রাপোল বন্দরে যানজট থাকায় এ পথে চাল আমদানি উল্লেখযোগ্য ছিল না।

পরে গত ১ অগাস্ট বেনাপোল বন্দরে ‘৭ দিন ২৪ ঘণ্টা’ খোলা রাখার কার্যক্রম চালু হলে এই বন্দর দিয়ে চাল আমদানি বেড়ে যায়। সাত দিনেই আমদানি হয় সাড়ে ৩ হাজার মেট্রিক টন চাল।

কিন্তু শুল্ক কমার খবরে চাল খালাস না করায় দু-দেশের বন্দরেই আবারও যানজট বাড়তে শুরু করেছে।

বেনাপোল বন্দরের চাল ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, “গত ১৬ অগাস্ট গণমাধ্যমে জানতে পেরেছি চাল আমদানিতে শুল্ক হার কমানো হয়েছে। কিন্তু এর কোনো কাগজপত্র বেনাপোল কাস্টমসে না আসায় আমরা চাল খালাস বন্ধ রেখেছি।”

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১০০ ট্রাক চাল আমদানি ও খালাস হতো। কিন্তু চাল আমদানিতে আরোপিত শুল্ক কমানোর সরকারি ঘোষণার প্রেক্ষিতে চাল খালাস করছেন না আমদানিকারকরা।