আশুলিয়ার ডোবায় যুবকের অর্ধগলিত লাশ
ঢাকার আশুলিয়ায় ছয় দিন আগে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সাধুপাড়া বাজারের পিছনের একটি ডোবায় আব্দুস সালামের (২৩) লাশ পাওয়া যায় বলে আশুলিয়া থানার এসআই আবুল কালাম আজাদ জানান।
মৃত সালাম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাজাকাঠা গ্রামের আব্দুল সামাদ মিয়ার ছেলে। আশুলিয়ার সাধুপাড়ায় একটি বাড়িতে ভাড়ায় থেকে কাঠমিস্ত্রীর কাজ করতেন তিনি।
এসআই কালাম বলেন, দুপুরে সাধুপাড়ার ডোবায় এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সালামের শরীরে আঘাতের চিহৃ রয়েছে জানিয়ে এসআই আরও বলেন, গত বুধবার সালাম বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবারের সদস্যরা।
