২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের পাঁচ খুন: ভাগ্নে মাহফুজের ফাঁসির রায়

নারায়ণগঞ্জ শহরের আলোচিত পাঁচ খুনের ঘটনায় স্ত্রী ও দুই সন্তান হারানো শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজের ফাঁসির রায় দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 12:57 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

সোমবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতার দেড় বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।

গতবছর ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর বাবুরাইল এলাকার ‘আশেক আলী ভিলা’ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।

ওই পাঁচজন হলেন- শফিকুলের স্ত্রী তাসলিমা বেগম (৪০), ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), শ্যালক মোশাররফ হোসেন মোরশেদ (২৫) ও ছোট ভাই শরীফুল ইসলামের স্ত্রী লামিয়া (২৫)।

হত্যাকাণ্ডের পর শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন, যেখানে ভাগ্নে মাহফুজ এবং কলাবাগানের সুদের কারবারি নাজমা ও শাহজাহানকে তিনি আসামি করেন।

গ্রেপ্তার হওয়ার পর মাহফুজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি বলেন, চার স্বজনকে ঘুমন্ত অবস্থায়  শিল দিয়ে আঘাত করে এবং একজনকে দেয়ালে মাথা ঠুকে একাই হত্যা করেন তিনি।

তদন্ত শেষে গতবছর ৬ এপ্রিল মাহফুজকে একমাত্র আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

সেদিন জেলার পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, “প্রাথমিকভাবে আমাদের কাছেও মনে হয়েছিল একজনের পক্ষে পাঁচ জনকে খুন করা কি সম্ভব?  কিন্তু পরবর্তীতে তদন্তে ও সাক্ষ্য প্রমাণে আমরা দেখলাম, অপরাধী তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োগ করে একে একে পাঁচ জনকে হত্যা করেছে।”

মামলার নথি থেকে জানা যায়, শফিকুল ও শরীফুল এক সময় ঢাকার কলাবাগানের এক বস্তিতে পরিবার নিয়ে থাকতেন। সেখানেই তাদের ভাগ্নে মাহফুজের সঙ্গে তার মামী লামিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে দুই ভাইয়ের পরিবার বাসা বদলে নারায়ণগঞ্জের বাবুরাইলে চলে যায়।

লামিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি জানাজানি হলে হত্যাকাণ্ডের ১৬ দিন আগে পারিবারিক সালিশে মাহফুজকে জুতাপেটা করা হয় বলে তদন্তের সময় জানিয়েছিল পুলিশ।

আদালতের রায়ে পাঁচজনকে হত্যার জন্য আলাদাভাবে পাঁচবার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারক। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছেন আসামিকে।

তবে স্বাভাবিকভাবেই চূড়ান্ত রায় হিসেবে একটি মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান।

তিনি বলেন, “মামী লামিয়ার সঙ্গে পরকীয়া প্রেমে বাধা পেয়ে এই হত্যাকাণ্ড ঘটায় মাহফুজ। মোট ৩০ জন সাক্ষীর মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাদীসহ ২৩ জনের সাক্ষ্য শুনে আদালত রায় দিয়েছে।”

মামলার বাদী শফিকুল রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানান।

আর নিহত তাসলিমার মা মোরশেদা বেগম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, “আমাদের পুরো পরিবার শেষ করে দিয়েছে। তার সাজা যত দ্রুত কার্যকর হবে, আমরা তত খুশি হব।”

অন্যদিকে আসামি মাহফুজের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুলতানুজ্জামান বলেন, “আইনজীবী হিসেবে আসামিপক্ষকে যতটুকু সম্ভব আইনগত প্রতিকার দেওয়ার চেষ্টা করেছি। আদালত যে রায় দিয়েছে, তাতে আসামি সন্তুষ্ট নন। তিনি প্রকৃত ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।”