কক্সবাজারে সরকারি স্কুলে কোচিং
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে কোচিংয়ের নামে প্রতি মাসে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করায় বহু অভিভাবক মানসিক চাপে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিভাবকদের অভিযোগ, কেউ কোচিং ক্লাস করতে না চাইলে তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়।
বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত দুই পালায় ১২৪৫ শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন নিয়মিত ক্লাসের আগে ও পরে একটি করে অতিরিক্ত ক্লাস করিয়ে প্রত্যেকের কাছ থেকে প্রতি মাসে নেওয়া হয় ৫০০ টাকা করে।
এতে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ পড়ে, আর অভিভাবকরা পড়েন আর্থিক কষ্টে।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা বেগম বলছেন, “শুধু অষ্টম শ্রেণির ছাত্রীদের কোচিং ক্লাস করানো হয়। এজন্য তাদের কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে ফি নেওয়া হয়। অন্য শ্রেণির ছাত্রীদের কোচিং করানো হয় না।”
চাপ প্রয়োগ ও মানসিক নির্যাতনের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
সরকারি নির্দেশ অমান্য করে কেন কোচিং করানো হয় এ বিষয়ে তিনি কোনো উত্তর দেননি।
প্রধান শিক্ষক অষ্টম শ্রেণি ছাড়া কোচিং করানোর কথা অস্বীকার করলেও সব শিক্ষার্থীকেই কোচিংয়ে অংশগ্রহণের জন্য চাপ দেওয়া হয় বলে অনুসন্ধানে পাওয়া গেছে।
শহরের ঘোনারপাড়া এলাকার মুদি দোকানি ননী গোপাল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মেয়ে পড়ে ষষ্ঠ শ্রেণিতে।
“আমি সামান্য মুদির দোকানের রোজগার দিয়ে সংসার চালাই। আমার এক ভাইপো বাড়িতে মেয়েটিকে পড়ায়। স্কুলে কোচিং করতে অনীহা জানালে মেয়ের ওপর মানসিক চাপ প্রয়োগ করা হয়। পরে মেয়েটি বাসায় এসে কান্নাকাটি শুরু করলে কোচিং ক্লাসে পাঠাতে বাধ্য হই।”
আব্দুল হাকিম নামে একজন অভিভাবক বলেন, তার মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।
“কোচিং করতে না চাওয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। অভিযোগ করলে স্কুলে মেয়ের নানা অসুবিধা হতে পারে চিন্তা করে চুপ আছি। একপ্রকার বাধ্য হয়ে মেয়েকে স্কুলের কোচিং ক্লাসে পড়াতে হচ্ছে।”
সরকারি হাসপাতালের একজন চিকিৎসক জানালেন, তার মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।
“আমি কোচিং করাতে চাই না। এ কথা স্কুলে জানালে আমার মেয়ের ওপর মানসিকভাবে চাপ প্রয়োগ করা হয়। অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই মেয়েকে ওই বিদ্যালয়ে পড়াতে হচ্ছে।”
শহরের টেকপাড়ার আবদুল করিমের মেয়ে দশম শ্রেণিতে পড়ে। তিনিও একই অভিযোগ করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের কর্মর্তারা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম বলেন, “অভিযোগটি প্রথমবার শুনলাম। শিক্ষার্থী ও অভিভাবকরা যদি লিখিতভাবে অভিযোগ জানায়, তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসক মো. আলী হোসেনও একই কথা বলেন।
“ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানাক। প্রয়োজনে গোপনীয়তা রক্ষায় তাদের নাম ও পরিচয় প্রকাশ না করার ব্যবস্থা নেওয়া হবে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
