সহায়ক সরকারে বিশ্বাস করে না জাতীয় পার্টি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, তার দল সহায়ক সরকারে বিশ্বাস করে না।
সোমবার বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির দাবি প্রসঙ্গে এরশাদ বলেন, “সংবিধান অনুযায়ী নির্বাচন করব। কোনো সহায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার আমাদের পক্ষে ছিল না। আমাদের ওপর অবিচার করেছে। এটা আমি বিশ্বাস করি না।”
আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ উপদেষ্টা বলেন, “সহায়ক সরকারে বিশ্বাস করে না জাতীয় পার্টি। আমি ও আমার দল ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি।”
আগামী নির্বাচনে মহাজোটের সঙ্গে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মহাজোটে থাকব কি না তা সময়েই বলে দেবে।”
এসময় তিনি প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্মরণে স্বরচিত একটি কবিতাও পাঠ করে শোনান।
নাসিম ওসমান মডেল হাই স্কুলের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়য়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।
এতে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের লিয়াকত হোসেন খোকাসহ স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
এর আগে তিনি নগরীর চাঁদমারীতে অবস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ভবন পরিদর্শন করেন এবং ভবনের বিকেএমইএর প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন।
