নারায়ণগঞ্জে জামাত-শিবিরের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় একটি রেস্টুরেন্টে ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সোনারগাঁ পৌরসভার লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সমানের এই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।
তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও ব্যানার উদ্ধার করা হয় বলে সোনারগাঁ থানার ওসি মোর্শেদ আলম জানান।
“সোনারগাঁ থানা পুলিশ এলাকাবাসীর সহয়তায় ওই চাইনিজ রেস্টুরেন্ট ঘিরে ফেললে ভেতরে থাকা জামায়াত শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে প্লেট, গ্লাসসহ বিভিন্ন সামগ্রী ছুড়ে মারেন।”
ওসি আরও বলেন, এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে জামাত-শিবিরের কর্মীরা ভেতরে লুকানোর চেষ্ট করেন। অনেক-নেতাকর্মী কৌশলে পালিয়ে যেতেও সক্ষম হন।
ওসি বলেন, রেস্টুরেন্ট খাবারের যে অর্ডার দেওয়া হয়েছে সেই তালিকা দেখে যায় ১২০ জনের খাওয়ার কথা ছিল।
গ্রেপ্তারদের মধ্যে আডিয়াল স্কুল উত্তরা শাখার একজন শিক্ষকও রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।
