২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাকশ্রমিকের গলাকাটা লাশ, স্বামী পালাতক

ঢাকার আশুলিয়ায় শোয়ার ঘর থেকে এক পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ; ঘটনার পর থেকে পালাতক রয়েছে তার স্বামী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2017, 09:12 AM

Updated : 19 Aug 2022, 05:10 PM

আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল জানান, জামগড়ার রূপায়ণ ১ নম্বর গেইটে এনায়েত মোল্লার বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাহফুজা বেগম (২৭) এনায়েত মোল্লার বাড়িতে সপরিবার ভাড়া থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এনভয় পোশাক কারখানায় কাজ করতেন।

তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ওজান গ্রামে।

ওসি আউয়াল স্থানীয়দের বরাতে বলেন, মাহফুজা তার দিনমজুর স্বামী লাভলু মিয়ার সঙ্গে ওই বাড়ির একটি ঘরে চার মাস ধরে ভাড়ায় থাকছিলেন।

“প্রতিবেশীরা সারাদিন তাদের কোনো সাড়া না পেয়ে সন্দেহ করে। পরে ঘরের ভেতর লাশ পাওয়া যায়। তার গলায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। বুধবার রাতে স্বামী লাভলু তাকে হত্যা করে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানান ওসি আউয়াল।